চট্টগ্রাম নগরের মুহুরীপাড়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ দুলাল (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কেব্ল টিভি সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ দিদারুল আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশের সূত্র জানায়, নিহত দুলাল ‘চিটাগাং কেব্ল’ নামের একটি ফিড অপারেটর প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির মালিক তাঁর চাচাতো ভাই শাহ ফরহাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মুহুরীপাড়ার চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন দুলাল। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে সন্ত্রাসীদের একজন তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। দুলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চিটাগাং কেবেলর মালিক শাহ ফরহাদ বলেন, ‘নতুন একটি কেবল্ অপারেটর প্রতিষ্ঠান বিভিন্ন পাড়ামহল্লায় পুরোনো ফিড অপারেটরদের হটানোর জন্য তিন-চার মাস ধরে শক্তি প্রয়োগ করছে। এ ব্যাপারে ডবলমুরিং থানায় আমি কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) করি। এগুলোতে কয়েকজন সন্ত্রাসীর নাম উল্লেখ আছে। পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে।’চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, কেব্ল টিভি সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে।পুলিশ জানায়, দুলাল হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দিদারুলকে স্থানীয় ডলফিন ক্লাব থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, তাঁরা চার রাস্তার মোড়ে গেলে দুলাল তাঁদের আসার কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে জসিম নামের একজন পেছন থেকে দুলালকে ছুরিকাঘাত করে। পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বলেন, ‘দিদারসহ চারজন হত্যাকাণ্ডে অংশ নেন। দিদার হত্যাকাণ্ডের পুরো ঘটনা আমাদের বলেছেন। এ ঘটনায় জড়িত জসিম, কাউসারসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’এদিকে হত্যাকাণ্ডের পর কাউসারের মনসুরাবাদের বাড়িতে গিয়ে স্থানীয় লোকজন ছয়টি ফ্ল্যাটে ব্যাপক ভাঙচুর করে।