চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে শিক্ষার্থীদের ভিড়
স্কুল শেষ করেই তারা বসে পড়েছে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের সামনে। সবার সঙ্গে বলেছে, ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার।’ জামালখানে অবস্থিত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট মেরিস, এজি চার্চসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আজ রোববার বিকেলে ভিড় করেছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান এই আন্দোলনে।টানা পঞ্চম দিনের মতো বন্দরনগরে চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ। আজ উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। তারপর শুরু হয় গণসংগীত ও স্লোগান। ঢাকার সঙ্গে মিল রেখে চট্টগ্রামের এ সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম’। সমাবেশ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এর মধ্যে বড় একটি অংশ ছিল আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। তারা অভিভাবকদের সঙ্গে বসে পড়ে সমাবেশস্থলে। এদের অনেকের মাথায় ছিল রাজাকারের ফাঁসি চাই সংবলিত ব্যান্ড, কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও বুকে আঁকা রাজাকারের প্রতি ঘৃণা-সংবলিত স্লোগান। এ সময় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিপুণ বলে, ‘আমিও সবার সঙ্গে স্লোগান দিয়েছি—রাজাকারের ফাঁসি চাই।’ এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জামায়াতে ইসলাম মেড বাই পাকিস্তান, মন্দির-মসজিদ-গির্জায় রাজনীতির ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় ঘোষণার পর গত মঙ্গলবার চট্টগ্রামে প্রথম মানববন্ধন ও সমাবেশে নামে ‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ’। পরদিন বুধবার থেকে এটি গণমানুষের আন্দোলনে পরিণত হয়। এ ছাড়া মূল মঞ্চকে ঘিরে ছোট ছোট অনেক পক্ষ নিজেদের মতো করে স্লোগান, গান ও নৃত্য পরিবেশন করে যাচ্ছে। গানে গানে স্লোগানে স্লোগানে সবার এক দাবি, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।’বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দলমত-নির্বিশেষে প্রতিদিন এখানে এসে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ জানায়। এ ছাড়া প্রতি রাতে মঞ্চে দেখানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক নানা চলচ্চিত্র।