চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে হামলা
জুমার নামাজের পর চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন স্থানে হামলা করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদ ও জামালখান এলাকায় জুমার নামাজের পর এই তাণ্ডব চালানো হয়।হেফাজতে ইসলাম বাংলাদেশসহ ১২টি ধর্মভিত্তিক দলের ব্যানার থেকে এই মিছিল বের হলেও হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক বলে জানা গেছে।এদিকে গতকাল রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারের জামায়াতের কার্যালয় ভবনের নিচে থাকা দোকানপাটে হামলা করে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা।প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান সড়কে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টাঙানো বিভিন্ন ব্যানার ছিঁড়ে ফেলেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় দোকানপাটও ভাঙচুর করা হয়। প্রেসক্লাবের সামনে গিয়ে গণজাগরণ মঞ্চের ব্যানারসহ অন্যান্য ব্যানার ছিঁড়ে তাতে আগুন দেওয়া হয়। প্রেসক্লাবের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা গণজাগরণ মঞ্চের ভাস্কর্যটি রাস্তায় টেনে এনে ভাঙচুর করে সেটিতে আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগ করা হয় গণজাগরণ মঞ্চে আসা মানুষের সুবিধার্থে দেওয়া সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ শৌচাগারটিও।বিক্ষোভকারীরা প্রেসক্লাবের দেয়ালে টাঙানো শহীদজননী জাহানারা ইমামের প্রতিকৃতি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রেসক্লাবের দেয়ালের ভেতরে থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচজন সাংবাদিক আহত হন। এ ছাড়া চিটাগং ইনস্টিটিউট (সিনিয়র ক্লাব) ও জামালখান মোড়ের নান্দনিক স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হামলাকারীরা। এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সন্ধ্যার পর ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার সাইনবোর্ড ভাঙচুর করে।গতকাল বিকেলে জামায়াত-শিবিরের একটি মিছিল আবার জামালখান মোড়ে এসে অবস্থান নেয়। জমিয়াতুল ফালাহ থেকে মিছিলটি আসে। এ সময় মিছিলকারীরা তাণ্ডবের প্রতিবাদে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন। তখন দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও জনতা তাঁদের ধাওয়া করে মুহসীন কলেজের দিকে নিয়ে যায়। এ সময় পুলিশ রাবার বুলেট ছোড়ে। সেখান থেকে পরে ২০ জনকে আটক করা হয়।গতকাল রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারের জামায়াতের কার্যালয় ভবনের নিচে থাকা দোকানপাটে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে জনতা। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, জামায়াতের কার্যালয়ের নিচতলায় থাকা দোকানগুলো জামায়াতের নিয়ন্ত্রণেই চলে। এসব দোকানে বিভিন্ন ধর্মীয় বই বিক্রি করা হয়।হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গতকালের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইসলাম মানুষের ওপর হামলা, সম্পদ ধ্বংস সমর্থন করে না। কুচক্রী মহল দেশে গন্ডগোল পাকানোর জন্য এ হামলা চালিয়েছে।গতকালের হামলার আগে আন্দরকিল্লা মসজিদের বাইরে চকবাজার ও দেওয়ানবাজারে জামায়াত-নিয়ন্ত্রিত কয়েকটি মসজিদে খুতবার সময় উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন খতিবেরা। এর মধ্যে দারুল উলুম আলিয়া মাদ্রাসা ও দেওয়ানবাজার মসজিদের খতিবেরা নতুন প্রজন্মের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসতে বলেন। তাঁরা ফেসবুক ব্যবহারকারী ও শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের নাস্তিক বলে অভিহিত করেন। এ সময় যুদ্ধাপরাধের অভিযোগ আসা জামায়াতের নেতাদের ‘জাতির বিবেক’ বলে মন্তব্য করেন ওই খতিবেরা।