চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত, হরতাল প্রত্যাহার
চট্টগ্রামে শাহবাগের গণজাগরণ মঞ্চের ডাকা কাল বুধবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে আলোচনা করতে কাল চট্টগ্রামে যাবে। এদিকে গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত করার পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলো ডটকমকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় আমরাও আমাদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে ইমরান এইচ সরকার চট্টগ্রামের যেখানেই আসবেন, সেখানেই তাঁকে প্রতিহত করা হবে।’ এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলাম। পরে কাল পুলিশ সেখানে সব ধরনের সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা বলবত্ থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার গণজাগরণ মঞ্চের আয়োজকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালকের সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এদিকে আয়োজকদের একজন খান আসাদুজ্জামান মাসুম ও ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কাল আমরা চট্টগ্রামে যাব। সেখানে গিয়ে শাহ আহমদ শফীর সঙ্গে আলোচনা করব। তাঁকে বোঝাব, আমাদের আন্দোলনের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই।’