চট্টগ্রামে গণপিটুনিতে তিন ডাকাত নিহত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কদুরখিলের কৈবর্ত্যপাড়ায় গত বৃহস্পতিবার গভীর রাতে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় তিন ডাকাত নিহত হয়েছে। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তারা গণপিটুনির শিকার হয়। অপর তিন ডাকাত গুলি করে সিএনজিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যায়।গ্রামবাসী জানান, কালুরঘাট-ভান্ডালজুড়ি সড়কের পাশের কৈবর্ত্যপাড়া গ্রামে কয়েক দিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন রাতে পালা করে পাহারার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ভান্ডালজুড়ি সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ছয় ডাকাত গ্রামে প্রবেশ করে। তারা গ্রামের একটি নির্জন বাড়িতে অবস্থান নেয়। তখন পাহারায় থাকা লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সেখানে যায় এবং ডাকাতদের ধাওয়া করে। এ সময় তিন ডাকাত গ্রামবাসীর হাতে আটক হয় এবং অপর তিনজন একটি গুলি ছুড়ে পালিয়ে যায়। একপর্যায়ে আটক তিন ডাকাতকে গ্রামবাসী পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক ডাকাত মারা যায়। অপর দুজন গতকাল শুক্রবার ভোরে মারা যায়।সকালে কৈবর্ত্যপাড়ায় গিয়ে দেখা যায়, সড়কের ৫০ ফুটের মধ্যে তিন ডাকাতের লাশ পড়ে আছে। বিপুলসংখ্যক মানুষ নিহত ডাকাতদের দেখতে ভিড় জমিয়েছে। পুলিশ সকালে সেখানে গিয়ে ওই তিনজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০০-৪০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, ছয় ডাকাত ওই গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। একটি গুলি ছুড়ে তিনজন পালিয়ে যায়। অপর তিনজন গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে মারা যায়। নিহত ডাকাতদের পরিচয় বের করার চেষ্টা চলছে।সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) সৈয়দ মেজবাহ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনকালে প্রথম আলোকে বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার থাকায় ডাকাত প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।