চট্টগ্রামে গাছ চাপা পড়ে একজন নিহত, আহত ২
চট্টগ্রাম নগরে পাহাড়তলী রেলওয়ের কারখানা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে গাছ চাপা পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতের নাম আবদুল হান্নান (৩৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার আবদুস সামাদের ছেলে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক জানান, আজ সকাল নয়টার দিকে তুমুল বৃষ্টির মধ্যে ওই তিন ব্যক্তি একটি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের একটি বড় গাছ থেকে একটি ডাল ভেঙে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা আবদুল হান্নানকে মৃত ঘোষণা করেন। গত দুই দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে নগরে বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস আজ সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।