চট্টগ্রামে গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থানার টোল সড়কের কাছ থেকে আজ বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। দুজনের বয়স ৩৮ থেকে ৪২ বছর হতে পারে বলে পুলিশের ধারণা। একজনের পরনে ছিল শার্ট-প্যান্ট, অন্যজনের পরনে লুঙ্গি। পুলিশ জানায়, একজনকে মাথায় ও অন্যজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে টোল সড়ক ও বেড়িবাঁধের মাঝামাঝি জায়গায় দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল প্রথম আলো ডটকমকে বলেন, নিহত দুজন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী হতে পারেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর দুর্বৃত্তরা হয়তো তাঁদের কাভার্ড ভ্যানটি ছিনতাই করেছে। আরেফিন জুয়েলের ভাষ্য, ‘হত্যাকারীরা পেশাদার খুনি বলে আমাদের ধারণা। খুনের আগে দুজনের চোখ, মুখ ও হাত বেঁধে ফেলা হয়। এরপর দুজনকে একটি করে গুলি করা হয়েছে। আমরা মনে করছি, সাধারণ কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। ঠান্ডা মাথায় তাঁদের খুন করা হয়েছে।’পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশ দুটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পরীক্ষাগারে পাঠিয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।