চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। ওই কর্মকর্তার নাম আহমেদ নূর। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় নগর গোয়েন্দা পুলিশ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার তাঁকে প্রত্যাহার করে নেয়। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার মো. জসিম ও মো. মান্নান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রত্যাহার করা এসআই আহমেদ নূরকে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সাইফুদ্দিন নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রতিবেশীদের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সাইফুদ্দিনকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। গ্রেপ্তার হওয়া জসিম ও মান্নান এ কথা স্বীকার করেছেন। এতে আহমেদ নূরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে গোয়েন্দা পুলিশ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আমাদের আরও তদন্ত চলছে।’ জানতে চাইলে সৈয়দ সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, এক ব্যক্তি জমি কেনার কথা বলে তাঁর সঙ্গে প্রায় দুই সপ্তাহ ধরে যোগাযোগ করছিলেন। জমির দাম নিয়ে কথাবার্তার মধ্যে ৯ জুন দুপুর ১২টার দিকে ওই লোক তাঁকে আগ্রাবাদ যেতে বলেন। সেখানে যাওয়ার পর কথাবার্তার একপর্যায়ে লোকটি সিগারেটে আগুন জ্বালিয়ে প্যাকেটটি তাঁর পাশে ফেলে চলে যান। এরপর গোয়েন্দা পুলিশ এসে সিগারেটের প্যাকেটটি উঠিয়ে সেটি তাঁর (সাইফুদ্দিনের) বলে দাবি করে। ‘প্যাকেটে ইয়াবা বড়ি আছে’ বলে তারা তাঁকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।সৈয়দ সাইফুদ্দিন বলেন, নগরের খুলশী এলাকায় তাঁর জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন। প্রতিপক্ষ আইনি-প্রক্রিয়া পাশ কাটিয়ে তাঁকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হলে তারা তদন্ত শুরু করে। তদন্তে তাঁকে ফাঁসানোর ঘটনা প্রমাণিত হয়।