চট্টগ্রামে গ্রেপ্তার সাকা চৌধুরীর ৬৪ সমর্থক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দী বিএনপির বিতর্কিত নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৬৯ জন সমর্থকের মধ্যে ৬৪ জনকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে তাঁদের চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক এই নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা হলের কাছে গুলশান ক্লাবে সাকা চৌধুরীর পক্ষে গোপন বৈঠকের সময় ৬৯ জনকে আটক করে। ওই দিন রাতে তাঁদের কোতোয়ালি থানা হাজতে রাখা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৬৪ জনকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নিয়েছি। যাচাই-বাছাই করে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা গাড়িচালক, হোটেলের বয়, দোকানদার এবং কমিউনিটি সেন্টারে প্রাকৃতিক কাজ সারতে আসা লোকজন ছিলেন।’পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিরা সাকা চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে নারী নীতিসহ সরকারের নেওয়া বিভিন্ন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে গোপন বৈঠকের আয়োজন করেন। তাঁদের মধ্যে রাউজান ও রাঙ্গুনিয়া থানার কয়েকজন সন্ত্রাসীও রয়েছে।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক করা ব্যক্তিদের তথ্য যাচাই করে দেখা গেছে, কয়েকজনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওসিও বলেছেন, গোপন বৈঠক করার সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।