চট্টগ্রামে ঘুমের মধ্যে তিন বোন এসিডদগ্ধ
চট্টগ্রাম নগরের জয়নগর এলাকার একটি বাড়িতে গতকাল শনিবার ভোরে ঘুমন্ত তিন বোন এসিডদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আপন বোন ও অন্যজন খালাতো বোন। এসিডদগ্ধ একজনের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা। এসিডদগ্ধ তিনজনের বয়স ১৯-২২ বছর।এসিড-সন্ত্রাসের শিকার তিন তরুণীর নাম-পরিচয় এবং তাঁদের ঠিকানা প্রকাশ করতে রাজি হয়নি তাঁদের পরিবার। এসিডদগ্ধ বড় বোনের ১০ অক্টোবর বিয়ের দিন ধার্য ছিল। তাঁর ছোট বোন উচ্চমাধ্যমিকের ছাত্রী, আর খালাতো বোন কলেজছাত্রী। এসিডদগ্ধ তিন তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নগরের ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকেন দুই বোন ও তাঁদের খালাতো বোন। হবু কনে ও তাঁর খালাতো বোন গত শুক্রবার রাতে বাসার একটি কক্ষের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। একই কক্ষে খাটে ছিল ছোট ভাই। অন্য কক্ষে ছিলেন কনের ছোট বোন। ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই দিন গৃহকর্তা ও তাঁর স্ত্রী ছিলেন কক্সবাজারের চকরিয়ায়।জানা গেছে, এসিডদগ্ধ একজনের বিয়ের দাওয়াত দিতে তাঁর বাবা-মা কক্সবাজারের চকরিয়ায় গিয়েছিলেন। ঘটনার সময় বাসায় ছোট দুই ভাই ও তিন বোন ছিলেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এস এম আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘তিন বোনের মুখমণ্ডল সামান্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে এসিডে কেবল তাঁদের মুখমণ্ডল ঝলসে গেছে বলে ধারণা করছি। তাঁরা এখন সুস্থ আছেন।’পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শওকত কবির বলেন, ‘তিন বোন শনিবার ভোরে দুটি কক্ষে এসিডদগ্ধ হন। আমরা বিষয়টি বিভিন্ন দিক থেকে তদন্ত করে দেখছি। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। চারতলার ওপর কীভাবে তিন বোন এসিডে দগ্ধ হলেন, তা পুলিশকে ভাবিয়ে তুলেছে।’নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দেখেছি, চারতলার জানালা দিয়ে এসিড ছোড়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া ভবনের ফটকও বন্ধ ছিল। বাইরের কোনো দুর্বৃত্ত এসিড ছুড়লে সে রাতে তারা ওই ভবনেই ছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা তরুণীর বিয়েসহ নানা দিক বিবেচনায় এনে তদন্ত করছি।’