চট্টগ্রামে ঘুষের ১০ লাখ টাকাসহ দুদক কর্মকর্তা গ্রেপ্তার
চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তা গতকাল রোববার রাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। ওই কর্মকর্তার নাম এম এম শাব্বির হাসান। তিনি চট্টগ্রাম দুদকের উপপরিচালক।জানা গেছে, শাব্বির পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দর-কষাকষি করে ঘুষের পরিমাণ ৩০ লাখ টাকায় নির্ধারণ করা হয়। গতকাল প্রথম কিস্তিতে ঘুষের ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কথা অনুযায়ী ওই পোশাক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নগদ টাকা নিয়ে আগ্রাবাদে দুদক কার্যালয়ে যান। তাঁরা শাব্বিরকে ১০ লাখ টাকা দেওয়ার সময় র্যাব সদস্যরা টাকাসহ তাঁকে হাতেনাতে ধরেন। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন জানান, ‘আমাদের ওই প্রতিষ্ঠানের মালিক গাওহার সিরাজ জামিল দুদক কর্মকর্তাদের ঘুষ দাবির বিষয়টি আগেই জানান। সেই অনুযায়ী ঘুষ লেনদেনের আগ মুহূর্তে আমাদের সদস্যরা দুদক কার্যালয়ের আশপাশে ওত পেতে থাকেন। লেনদেন করার মুহূর্তে আমরা তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করি।’ তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিক গাওহার জানান, ‘বন্দরে আমাদের একটি আমদানি চালান চুরি হয়। এর ভিত্তিতে দুদক আমাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ আনে এবং তারা তদন্ত শুরু করে। একপর্যায়ে দুদকের উপপরিচালক শাব্বির হাসান আমাদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন।’ তিনি বলেন, ‘শাব্বির আমাদের বলেন, ওই টাকা দিয়ে আমাদের ওপর মহলকে সন্তুষ্ট করতে হবে। পরে আপনাদের পক্ষে আমরা প্রতিবেদন দিয়ে দেব। এরপর দর-কষাকষি করে আমরা ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকা নামিয়ে আনি।’শাব্বির বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয় বক্তব্য দেব।’ শাব্বিরকে রাত সোয়া ১২টার দিকে দুদক কার্যালয় থেকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।