চট্টগ্রামে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই অংশ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের দুই অংশের নীরব চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ চট্টগ্রাম মহানগরের অভিজাত এলাকা খুলশীর বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খুলশী ও সংলগ্ন এলাকার জমি বেচাকেনা, দখল-বেদখল, আবাসন কোম্পানি থেকে চাঁদাবাজির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এমইএস কলেজের ছাত্রলীগের দুই পক্ষ মরিয়া। এর মধ্যে একাংশের নেতৃত্বে আছেন এমইএস কলেজের ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ওয়াসিম উদ্দিন। আরেকাংশের নেতৃত্বে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর। তাঁরা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারেন বলে পুলিশের সম্প্রতি এক গোপন প্রতিবেদনেও বলা হয়েছে।জানতে চাইলে চট্টগ্রাম র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হেনা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, খুলশীতে নীরব চাঁদাবাজি ও জমি দখল-বেদখলের ঘটনা ঘটলেও ক্ষতিগ্রস্তরা অভিযোগ না করায় তা পুলিশ বা র‌্যাবের খাতায় নথিভুক্ত হচ্ছে না। তিনি বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা কী ব্যবস্থা নিই, তা দেখতে পাবেন। তবে জমির দখল-বেদখলের বিষয়টি পুলিশের এখতিয়ার। আমরাও শুনেছি, কিছু সন্ত্রাসী এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।’অনুসন্ধানে জানা গেছে, পুলিশের খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল আকবর বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে র‌্যাব প্রতিষ্ঠার পর থাইল্যান্ড পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করেন ওয়াসিম। বছর খানেক দীর্ঘ পলাতক জীবন শেষে দেশে ফিরে এমইএস কলেজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠেন হেলাল আকবর। তাঁর পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের আরেকাংশ ওই এলাকার অপরাধ জগতের আয়-রোজগারে ভাগ বসাতে শুরু করায় পরিস্থিতি সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। গত ১৫ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। এ ঘটনায় খুলশী থানায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। জানতে চাইলে হেলাল আকবর প্রথম আলোকে বলেন, ‘এমইএস কলেজে আমার পাড়ার কিছু ছেলেকে দা-ছুরি দিয়ে আঘাত করা হয়। বিষয়টি নিয়ে কথা বলায় আমাকে আরেকজনের প্রতিপক্ষ বানানো হয়েছে। এমইএস কলেজ আমার সাইনবোর্ড নয়। এটা নিয়ে আমি ব্যবসা করি না।’ তিনি দাবি করেন, কেউ তাঁর নাম ব্যবহার করে দখল ও চাঁদাবাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তিনি তাতে সহায়তা করবেন।স্থানীয় লোকজন জানান, এখন দুই পক্ষই খুলশী এলাকায় আবাসন ব্যবসায়ী ও ভবন নির্মাণ (ডেভেলপার) প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি, এসব কোম্পানির হয়ে ভাড়ায় জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কিন্তু তাদের ভয়ে ভুক্তভোগীরা অভিযোগ করতেও সাহস করেন না। মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশীর্বাদে থাকায় এ দুজন বা তাঁদের ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পুুলিশও নিরুৎসাহী। এ ব্যাপারে নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতেও রাজি হননি স্থানীয় পুলিশ কর্মকর্তারা। সম্প্রতি স্থানীয় পুলিশ ছাত্রলীগের এ দুই পক্ষের বিরোধ ও তৎপরতা নিয়ে একটি গোপন প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ‘হেলাল আকবর চৌধুরীর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা ও জিডি আছে। এ কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসে তিনি এমইএস কলেজে নিজ অনুসারীদের ইন্ধন দিয়ে ভিপি ওয়াসিমের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিপক্ষকে দুর্বল করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তিনি।... যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।’ পুলিশসহ স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ত্রাসীরা সম্প্রতি অপরূপা হাউজিং সোসাইটি ও ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক এ কে এম সরওয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা সরওয়ারের গাড়ির চালককে জবাই করার চেষ্টা করে। গুরুতর আহত চালক মো. আওয়ালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খুলশী থানায় ভিপি ওয়াসিমের অনুসারী মসিউর রহমান ওরফে দিদার, ফয়জুল হক ওরফে মিলন ও আবু তাহেরসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়াসিমের অনুসারী ক্যাডাররা গত ১৭ সেপ্টেম্বর জিইসি মোড়ে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে লাঞ্ছিত ও তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায়ও ওয়াসিমের অনুসারী রাহাত, সৌমেন, রাসেল, হাসান, নাহিদ, রনি ও মামুনকে আসামি করে মামলা হয়েছে।অবশ্য ওয়াসিম উদ্দিন চাঁদাবাজি, সন্ত্রাসের এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি ঠিকাদারি করি। আয়ের একটি অংশ রাজনীতিতে খরচ করি। আমার কোনো ছেলে খুলশীতে জমি দখল, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বের করে দেব।’যুবলীগের হেলাল আকবরের সঙ্গে বিরোধের কথা স্বীকার করেন ওয়াসিম। তিনি বলেন, ‘উনি (বাবর) আমার বড় ভাইয়ের মতো। মাস দু-এক ধরে উনি অন্য রকম আচরণ করছেন। আর কেনই বা করছেন, তা বুঝতে পারছি না।’