ঢোলের তালে তালে চলছে নাচ। সেই দলে একে একে শামিল হলেন অনেকেই। এর ফাঁকেই কেউ কেউ ব্যস্ত ছবি তোলার কাজে, কেউ ব্যস্ত নিজেদের মধ্যে খুনসুটিতে। উৎসবের আমেজ সবখানেই। পুরোনো বন্ধুদের পেয়ে সবাই যেন আবার পুরোনো দিনেই ফিরে গেলেন।চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের চল্লিশ বছর পূর্তি উৎসবের প্রথম দিনটি ছিল এ রকম উৎসবমুখর। উৎসবে যোগ দিতে ছুটে এসেছেন এ প্রতিষ্ঠানের একসময়ের ক্যাম্পাস মাতানো শিক্ষার্থীদের অনেকেই।গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিনের উৎসবের উদ্বোধন করে শিল্পী মুর্তজা বশীর বলেন, ‘চট্টগ্রামের শিল্পীদের একটি স্বাতন্ত্র্য রয়েছে। তাঁদের ছবির কম্পোজিশন, রং, আঙ্গিক—সবই ভিন্ন। কারণ, তাঁরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। কারও দ্বারা প্রভাবিত হননি।’ তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখি, চট্টগ্রামই এক দিন বাংলাদেশকে শিল্প আন্দোলনের পথ দেখাবে। যেমন ১৯৩০ সালে সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতাসংগ্রাম শুরু হয়।’উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী সবিহ্-উল আলম। এতে বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র শিল্পী আবদুল্লাহ খালিদ, আবুল মনসুর, মাহমুদুল হক, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জসীম উদ্দিন, চারুকলার চল্লিশ বছর উদ্যাপন পরিষদের আহ্বায়ক আহমেদ নেওয়াজ ও সদস্যসচিব সুব্রত বড়ুয়া।পরে চারুকলা ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীর আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও মাহমুদুল হক। বিকেলে স্মৃতিচারণা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।