চট্টগ্রামে চায়ের নিলাম বাজার ক্রেতাশূন্য
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও পুরোনো ‘চায়ের নিলাম বাজার’ আজ মঙ্গলবার ছিল ক্রেতাশূন্য। ব্রিটিশ আমল থেকে চলে আসা এ বাজারে আজ দ্বিতীয়বারের মতো কোনো ক্রেতা পাওয়া যায়নি। সরকার নিলাম মূল্যের ওপর নতুন করে পাঁচ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপ করার প্রতিবাদে ব্যবসায়ীরা চা কেনা বন্ধ রাখেন। এতে এমন পরিস্থিতি তৈরি হয়।নিলাম বাজার সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি মঙ্গলবার সারা দেশের চায়ের নিলাম হয় চট্টগ্রামে। প্রতি নিলামে ২৫ থেকে ৩০ কোটি টাকার চা বিক্রি হয়। আজ ছিল এ মৌসুমের ১৫ নম্বর নিলাম। এতে বিক্রির জন্য ১৬ লাখ কেজি চা তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। একই কারণে গত মঙ্গলবারও নিলাম বাজারে চা অবিক্রীত থেকে যায়। জানা গেছে, আগের নিয়মে ক্রেতাদের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং দুই শতাংশ পাইকারি মূল্য কর দিতে হতো। সেই হিসাবে প্রতি নিলাম মূল্যে চা কেনার পর ক্রেতাদের ১৭ শতাংশ কর দিতে হয়। নতুন করে পাঁচ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপের ফলে এ কর দাঁড়াবে ২২ শতাংশে। আগের নিয়মে ২৫ থেকে ৩০ কোটি টাকার চা বিক্রি হলে সরকার প্রায় সাড়ে চার কোটি টাকার মতো রাজস্ব পেত। চা বিক্রি না হওয়ায় সরকার এ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হলো।পূর্ববাংলা টি ব্রোকারস লিমিটেডের পরিচালক আরিফুল রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে আটটায় নিলাম বাজারে চা বিক্রির জন্য প্রস্তাব করি। কিন্তু কোনো ক্রেতাই তা কেনেনি। বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ ইউছুফ নিলাম বাজারে কোনো চা বিক্রি না হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিটিশ আমল থেকেই চট্টগ্রামের নিলাম বাজারে সপ্তাহের প্রতি মঙ্গলবার চা বিক্রি হয়ে আসছে। সরকারের অতিরিক্ত কর আরোপের কারণে আজ দ্বিতীয়বারের মতো নিলাম বাজারে চা কেনাবেচা হয়নি। পাঁচ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা চা কিনবেন না।প্রসঙ্গত, বাংলাদেশে চা বাগান আছে ১৬৪টি। এসব বাগান থেকে প্রতিবছর প্রায় ছয় কোটি কেজি চা উত্পাদন হয়। বাগান মালিকেরা তাঁদের নির্ধারিত প্রতিনিধির (ব্রোকার হাউস) মাধ্যমে নিলাম বাজারে এসব চা বিক্রি করে থাকেন।