চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আটক ৫
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের সফিনা বিতান মার্কেটে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। মার্কেটের নূরজাহান টয়েস নামের একটি খেলনার দোকানে চুরি করার অভিযোগে আজ শনিবার সকালে অভিযুক্ত ব্যক্তিদের পিটুনি দেওয়া হয়। গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। নিহত ব্যক্তিরা হলেন মো. বাবুল (৩০) ও মো. খোকন (৩৫)। বাবুল ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে খোকন মারা যান। বাবুলের স্ত্রী লাইলী বেগম তাঁদের শনাক্ত করেন। গণপিটুনিতে অজ্ঞাতনামা অপর একজন আহত হন। গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ সফিনা বিতানের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান আসিফ চৌধুরী, মার্কেটের দারোয়ন আবদুর রহমান সিকদার, নূরজাহান টয়েসের মালিক মো. শহীদ ও কর্মচারী এনামকে আটক করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দোকানের শার্টার ফাঁক করে মালামাল চুরি করার পর সকাল ছয়টার দিকে তিনজন লোক মার্কেট থেকে পালিয়ে যাচ্ছিল। এ সময় দারোয়ান আবদুর রহমান ও আশেপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেওয়া হয়। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান, পিটুনিতে ঘটনাস্থলে বাবুলের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে খোকনও মারা যান। অজ্ঞাত এক চোরের মাথা ফেটে গেলে লোকজন তাঁকে রিকশায় তুলে দেন। তিনি বলেন, ‘চুরি করার অপরাধে তাদের মারধর করা হয়। মার্কেটের সাধারণ সম্পাদক ও দোকানের মালিকেরা চাইলে চোরদের পুলিশে সোপর্দ করতে পারত। তারা তা না করায় তাঁদের আটক করা হয়েছে।’ মার্কেটের সাধারণ সম্পাদক ও আটক হওয়া নেজাম উদ্দিন ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নয়টার দিকে এসে দেখি চোরদের পিটুনি দেওয়া হচ্ছে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।’