চট্টগ্রামে ছাত্রদলের কমিটি নিয়ে নগর বিএনপি বিভক্ত
ছাত্রদলের কমিটি নিয়ে চট্টগ্রাম নগর বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে। নবগঠিত কমিটিতে স্থান পাওয়া বেশির ভাগই নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের অনুসারী। অন্যদিকে বঞ্চিতদের একটি বড় অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।সর্বশেষ গত বৃহস্পতিবার চেয়ারপারসনের জন্মদিন পালনের সময় এ দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। ওই দিনের ঘটনা নিয়ে নগর কমিটির দুই শীর্ষ নেতা একজন অন্যজনকে দুষছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই কেন্দ্র থেকে নগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গাজী মো. সিরাজউল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করা হয়। দুজনই শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এ কমিটির ১০ জনই বিবাহিত। কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ ছাড়া সবাই অছাত্র। কমিটি ঘোষণার পরদিনই নগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া পক্ষে-বিপক্ষে মিছিল-পাল্টামিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে ঈদের আগে আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা বেদম পিটুনি দেয়। ছাত্রদলের মধ্যে দলাদলির জন্য শাহাদাৎ হোসেন সরাসরি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দোষারোপ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়া কমিটি ঘোষণা করেছেন। কমিটিকে দলের অন্য সকল নেতা মেনে নিয়েছেন। কিন্তু খসরু ভাই কিছু ছেলেকে উসকে দিচ্ছেন, যাঁরা দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এরা দলের ক্ষতি করছে।’অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দুই পক্ষের মারামারিতে আমি কাউকে সমর্থন দিতে পারি না। সবাইকে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হবে। ছাত্রদলের কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে যা চলছে, তা দলের জন্য ক্ষতিকর। এটা সমাধান করা উচিত।’ দলীয় সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন খালেদা জিয়ার জন্মদিনে রাত ১২টায় দলীয় কার্যালয়ে ছাত্র ও যুবদলের নেতাদের নিয়ে কেক কেটেছেন। এ অনুষ্ঠানে সভাপতি আমীর খসরু মাহমুদকে দেখা যায়নি।পরদিন বৃহস্পতিবার নগর বিএনপির উদ্যোগে কেক কাটার অনুষ্ঠানে আমীর খসরু উপস্থিত ছিলেন। ওই সময় দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শাহাদাতের গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় দলীয় কোন্দল চাঙা হয়ে উঠেছে। দীর্ঘদিন সভাপতি ও সাধারণ সম্পাদক এক হয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেও ছাত্রদল কমিটি নিয়ে এখন তাঁদের বিভক্তি প্রকাশ্যে রূপ নিয়েছে।