চট্টগ্রামে ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা থানায় মামলা
চট্টগ্রাম নগরের বিবিরহাট বশর মার্কেটের সামনে গত রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত চার-পাঁচজন আহত হয়েছে। পরে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী রোববার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পাঁচলাইশ থানায় অবস্থান নেন। পরে পুলিশ উভয় পক্ষের মামলা নিলে তাঁরা চলে যায়। দুটি মামলাই তদন্ত করছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আজিজ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগর ছাত্রলীগের সহসভাপতি জাবেদুল আলম ওরফে মাসুদ ও সদস্য মোবারক হোসেনের সমর্থকদের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও এই দুই পক্ষের মধ্যে মারামারি হয়। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে মোবারকের পক্ষের কয়েকজন মাসুদের পক্ষের আরিফুজ্জমানের ওপর হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়। আহত আরিফকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাসুদের সমর্থকেরা মোবারকের সমর্থক রাব্বির ওপর হামলা চালায়। দুই পক্ষের বিক্ষিপ্ত হামলায় উভয় পক্ষের আরও দুই-তিনজন আহত হয়।এরপর রাত দেড়টার দিকে উভয় পক্ষ থানায় মামলা করতে যায়। সেখানে তারা রাত আড়াইটা পর্যন্ত অবস্থান করে। পরে পুলিশ উভয় পক্ষের মামলা নেয়।মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষ বাইরে মারামারি করে থানায় ঝামেলা করতে এসেছিল। আমরা পাল্টাপাল্টি হামলার ব্যাপারে থানায় মামলা নিয়েছি।’ মামলার তদন্ত কর্মকর্তা আজিজ বলেন, কে কার ওপর হামলা করেছিল তা নিয়ে তদন্ত হচ্ছে। থানা সূত্রে জানা গেছে, মাসুদের সমর্থক মো. আরিফুজ্জমান বাদী হয়ে প্রতিপক্ষের ছয়জনকে আসামি করে একটি মামলা (মামলা নম্বর-৪) করেন। মোবারকের সমর্থক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের চারজনকে আসামি করে অপর মামলাটি (মামলা নম্বর-৫) করেন। এ ব্যাপারে মোবারক হোসেন বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে বিবিরহাটের বশর মার্কেটে ছোট ভাইদের মারামারির খরব পেয়ে আমি সেখানে সমঝোতা করতে যাই। বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার পর মাসুদ ভাইয়ের ছেলেরা এসে আবার হামলা চালায়।’ গভীর রাতে থানায় যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি উভয় পক্ষের মধ্যে সমঝোতা করতে গিয়েছিলাম।’জাবেদুল আলম গত রোববার রাতে থানায় যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা আরিফুজ্জমানকে মারধর করে হাসপাতালে পাঠানো হলেও এ ব্যাপারে কোনো মামলা না করার জন্য তারা (মোবারক পক্ষ) পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। এটা জেনে আরিফকে সাহায্য করতে আমি থানায় যাই।’ তুচ্ছ ঘটনায় ভাঙচুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার গভীর রাতে বায়েজিদ থানা এলাকার এক যুবলীগের নেতার বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে ইট রাখা নিয়ে জালালাবাদ ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের হাতাহাতি হয়। পরে প্রতিপক্ষের লোকজন নিজামের বাড়ির জানালার কাচ ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে নিয়ে পুলিশ সমঝোতার চেষ্টা করছে।