চট্টগ্রামে ছিনতাই মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আছদগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে সংঘবদ্ধ ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় এই হামলা চালানো হয়। এতে পুলিশের তিন কর্মকর্তা আহত হন। এ সময় ছিনতাইকারীরা গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।পুলিশের আহত সদস্যরা হলেন কোতোয়ালি থানার তিন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন, সদীপ কুমার দাশ ও সুকান্ত কুমার। এঁদের মধ্যে মহসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।জানা গেছে, গতকাল বিকেলে নগরের আছদগঞ্জ সোবহানিয়া মাদ্রাসা এলাকায় কোতোয়ালি থানার একটি ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় পুলিশ আসামি ফজলুল করিমকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় তার ভাই ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা এসআই মহসিনকে পিটিয়ে ছিনতাইকারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফজলুল করিম, ফজলুল আজিম, জাকারিয়া ও ফজলুল হক। এঁদের মধ্যে প্রথম তিনজন সহোদর। ফজলুল করিম কোতোয়ালি থানার একটি ছিনতাই মামলার পলাতক আসামি। গত ২৭ জুলাই এ মামলা হয়।নগরের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহনেওয়াজ খালেদ জানান, সন্ত্রাসীরা গ্রেপ্তার করা ছিনতাইকারীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার করা চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।