চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রেলওয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে রিকশায় চড়ে চট্টগ্রাম স্টেশন থেকে পাশের অফিসার্স মেসে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। প্রচুর রক্তক্ষরেণ তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত কর্মকর্তার নাম আবদুল হাই মজুমদার (৫৬)। তিনি রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরের জ্যেষ্ঠ বাজেট কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ফতেপুর গ্রামে। ময়নাতদন্তের পর আজ সোমবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।উপপুলিশ কমিশনার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুল হাই খুন হন। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে ঢাকা থেকে বিরতিহীন ট্রেন ‘সুবর্ণ’তে চড়ে আবদুল হাই চট্টগ্রামে আসেন। পুরোনো স্টেশন থেকে তিনি রিকশায় চড়ে কদমতলীর অদূরে অফিসার্স মেসের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে তিন-চারজন ছিনতাইকারী বাইশ মহল্লা কবরস্থানের বিপরীত দিকে তাঁর পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। যাওয়ার সময় তারা আবদুল হাইয়ের ডান পায়ের পেছনের দিকের নিচের অংশে ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, প্রচুর রক্তক্ষরণে আবদুল হাইয়ের মৃত্যু হয়। দ্রুত হাসপাতালের পৌঁছানো সম্ভব হলে তাঁকে সারিয়ে তোলার সুযোগ ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাত পৌনে ১২টার দিকে আবদুল হাইকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, নিহত আবদুল হাই রেলওয়ে অফিসার্স মেসে থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। এ ঘটনায় তাঁর ভাতিজা সাজ্জাদ হোসেন মজুমদার মামলা করেছেন।