চট্টগ্রামে ছিনতাইকালে গণপিটুনি, দুটি অস্ত্র ও অটোরিকশা আটক
বন্দরনগর চট্টগ্রামের আগ্রাবাদে এক দম্পতির মালামাল ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ ব্যাংক কলোনিসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ছিনতাইকারীর নাম মো. ইউছুফ (২৬)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ইউছুফের কাছ থেকে দুটি এলজি উদ্ধার এবং ছিনতাইকাজে ব্যবহূত একটি সিএনজি-চালিত অটোরিকশা আটক করে।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) উত্পল বড়ুয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে জনৈক মো. আবছার তাঁর স্ত্রীকে নিয়ে রিকশায় সড়কটি ধরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একটি সিএনজি-চালিত অটোরিকশায় আসা তিন-চারজন যুবক রিকশাটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় আক্রান্ত দম্পতির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের তিনজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ইউছুফ সমবেত লোকজনের হাতে ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠায়।