চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় প্রকৌশলীর ছেলেসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে প্রকৌশলীর ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস ও ছিনতাই হওয়া ২৫ হাজার টাকা উদ্ধার করে। ৩ আগস্ট দুপুরে র্যাব পরিচয় দিয়ে সন্ত্রাসীরা ওই টাকা ছিনতাই করে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলেন মো. শহীদুল ইসলাম (২৮), অশোক দেব ওরফে লিটন (৩২) ও মাইক্রোবাসের চালক দিদারুল আলম (৩৬)। তাঁদের মধ্যে শহীদুল ইসলাম নগরের পতেঙ্গা এলাকার নূর আলমের এবং অশোক দেব আন্দরকিল্লা এলাকার প্রকৌশলী অজিত কুমার দেবের ছেলে। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে পুলিশ নগরের এস এস খালেদ সড়কে অভিযান চালিয়ে চালক দিদারসহ মাইক্রোবাসটি আটক করে। এরপর চালক দিদারের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শহীদ ও অশোককে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই করা ২৫ হাজার টাকা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।এসআই সদীপ কুমার বলেন, ৩ আগস্ট র্যাব পরিচয় দিয়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ে মাইক্রোবাসের চালকসহ ১২ জন অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে শহীদসহ তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দলনেতা হলেন মোহাম্মদ ইউনুস ওরফে হুন্ডি ইউনুস। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তার হওয়া শহীদ বলেন, ‘১১ লাখ টাকা ছিনতাইয়ের কাজে এক হাজার টাকায় একটি মাইক্রোবাস ভাড়া নেওয়া হয়। ওই গাড়িতে পাঁচজন ছিলেন। আর তিনটি মোটরসাইকেলে ছিলেন আরও ছয়জন। ছিনতাই কাজ নির্বিঘ্ন করতে মোটরসাইকেল আরোহীরা মাইক্রোবাসকে নিরাপদে সরে যেতে সহায়তা করে।’ অশোক বলেন, ‘ছিনতাই শেষ করার পর আমরা জানতে পারি, থলের মধ্যে নাকি আট লাখ টাকা ছিল। বাকি তিন লাখ টাকার কথা চেপে যান আমাদের দলনেতা ইউনুস। পরে আমাদের প্রত্যেককে ৭০ হাজার টাকা করে ভাগ দেওয়া হয়। আর গাড়ির চালক দিদারকে তাঁর এক হাজার ভাড়ার টাকা দেওয়া হয়।’পুলিশ সূত্র জানায়, জিইসি মোড়ে ছিনতাইয়ে অংশ নেওয়া ১১ জনের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ আলী ওরফে ঢাকাইয়া আলী। নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রনেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই কলেজের কয়েকজন ছাত্র ছিনতাই করে বলে অভিযোগ রয়েছে। পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোতোয়ালি থানার একজন কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদ আলীর সঙ্গে ওই বেসরকারি কলেজের ছাত্রনেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা পুলিশের জানা আছে। ওই কলেজের কয়েকজন ছাত্র নগরে ছিনতাই করে বেড়ায়, যা আমরা বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে নিশ্চিত হয়েছি।’ ছিনতাইয়ে হুন্ডি ইউনুস: শহরতলির কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুস একসময় হুন্ডির টাকা লেনদেন করতেন। প্রায় তিন বছর আগে তিনি ছিনতাই পেশায় যোগ দেন। একসময় হুন্ডির সঙ্গে জড়িত থাকায় নগরের হুন্ডির টাকা বহনের খবর তাঁর কাছে দ্রুত চলে যায়। তিন বছর ধরে নগরে তিনি হুন্ডির টাকা ছিনতাই করছেন। হুন্ডির টাকা ছিনতাই হলে বেশির ভাগ সময় থানায় অভিযোগ করা হয় না। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিম পুলিশের কাছে নগরে সক্রিয় সাতটি ছিনতাইকারী দলের সদস্যদের নাম বলেন। মদুনাঘাটের হুন্ডি ইউনুস তাঁদের অন্যতম।