চট্টগ্রামে ছিনিয়ে নেওয়া পুলিশের রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল বুধবার পুলিশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠনের সংঘর্ষের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া রাইফেলটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বাইরে দেয়ালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। তবে রাইফেলটির ২০টি গুলির মধ্যে ১০টি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে আজ বেলা একটার দিকে হাটহাজারী এলাকায় বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা জড়ো হতে শুরু করেছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় হাটহাজারী সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে কয়েকজন অবরোধকারী আনোয়ার হোসেন নামের একজন পুলিশ কনস্টেবলকে মারধর করে তাঁর কাছ থেকে ওই রাইফেলটি ছিনিয়ে নেয়। এ সময় অবরোধকারীরা পুলিশ সুপারের গাড়িও ভাঙচুর করে। আনোয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।গতকালের এ সংঘর্ষের ঘটনায় সাত পুলিশসহ ৩০ জন আহত হয়। এ ঘটনায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নগরের অক্সিজেন মোড়ের কাছে বালুছড়ায় সংঘর্ষের পর সংগঠনের কর্মীরা হাটহাজারীতে সড়ক অবরোধ ও প্রায় ৫০টি যানবাহন ভাঙচুর করে।জানা যায়, নবগঠিত হেফাজতে ইসলাম গতকাল বিকেলে লালদীঘি মাঠে এক সমাবেশ আহ্বান করেছিল। হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসাসহ (বড় মাদ্রাসা) বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-ছাত্র সমাবেশে যোগ দিতে নগরে যাচ্ছিল। পথে বালুছড়ায় পুলিশ তাদের বাধা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।জানা যায়, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রসহ সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে এবং শিক্ষানীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে ওই সমাবেশ আহ্বান করা হয়। গত মঙ্গলবার রাত থেকে লালদীঘি মাঠে মঞ্চ তৈরির কাজও শুরু হয়। তবে সমাবেশের জন্য মহানগর পুলিশের অনুমোদন না নেওয়ার অভিযোগে পুলিশ সকালে মঞ্চের নির্মাণকাজ বন্ধ করে দেয়। সমাবেশে নগর ও জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৭টি কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আনার পরিকল্পনা ছিল। হেফাজতে ইসলামের সভাপতি হলেন হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আল্লামা আহমেদ শফি বা বড় হুজুর। তবে সংগঠনটি গড়ার নেপথ্যে ছিলেন ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলাম। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি পুলিশ ইজহারুলের বড় ছেলে মুফতি হারুনকে গ্রেপ্তার করে।