চট্টগ্রামে ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪০)। তিনি দোকানকর্মচারী ছিলেন।ঘটনার পর রাতে পুলিশ নগরের জিইসি মোড় থেকে রানা নামের এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে। তিনি ছিনতাইয়ে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে বহদ্দারহাটে টায়ারের দোকানের কাজ শেষ করে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন জসিম। দামপাড়া বাওয়া স্কুলের সামনে তিনি অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে দুই ছিনতাইকারী মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে জসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ জানান, রাতে বাসায় ফেরার পথে জসিমকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রানা নামের ওই ছিনতাইকারীর পোশাকে রক্তের দাগ ছিল।