চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
বাড়ি ফেরার পথে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ পেয়ারুল ইসলাম (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় পেয়ারুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত পেয়ারুলের নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেইনে প্রফেসর মার্কেটে জুতার দোকান আছে। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ইছামতী গ্রামে।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলো ডটকমকে জানান, ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে থাকা ৩৬ হাজার টাকা ও মুঠোফোন খোয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও পুলিশ পেয়ারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।