চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের রহমাননগর আবাসিক এলাকায় এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত যুবকের নাম জানে আলম (২২)। তিনি ওই এলাকার একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী বলে জানা গেছে।স্থানীয় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জানে আলমের সঙ্গে ওই এলাকার কয়েকজন কিশোরের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল রাতে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে জানে আলম যখন এলাকায় একটি দোকানের কাছে দাঁড়িয়েছিলেন, তখন চার থেকে পাঁচজন কিশোর এসে তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে কিশোরদের কয়েকজন তাঁকে ধরে রাখে এবং আরেকজন তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। এরপর ওই কিশোরের দল দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থলের পাশের একটি নালা থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করেছে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়েছে।