চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যার পর গণপিটুনিতে সন্ত্রাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বন্দরনগরী চট্টগ্রামের বড়পুলে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় জনতার পিটুনিতে মারা গেছে এক সন্ত্রাসী। গতকাল সোমবার রাত দেড়টার দিকে বড়পুলে এ ঘটনা ঘটে। এ সময় আরও চার সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবকের নাম নুরুন্নবী (২২)। জনতার পিটুনিতে নিহত সন্ত্রাসীর নাম মো. আনোয়ার (২৮)। আনোয়ারের বিরুদ্ধে হালিশহর থানায় পাঁচটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ারের সহযোগী আলমগীর, লিটন, ইকবাল ও সোলেকে গ্রেপ্তার করে। তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বলেন, গ্যারেজে রিকশা রাখা নিয়ে স্থানীয় সন্ত্রাসী আনোয়ার ও তার সহযোগীরা এক রিকশাচালককে মারধর করে। নুরুন্নবী এর প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর এবং ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আটক করে এবং বেধড়ক পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ওই পাঁচজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে হালিশহর এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।