চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চট্টগ্রামের মমিন রোডে দুই স্কুলের শিক্ষার্থীদের পূর্ব কলহের জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাতের ঘটনায় আহত এক ছাত্র আজ মঙ্গলবার ভোর চারটার দিকে মারা গেছে।নিহত ছাত্র সোমেন বিশ্বাস ওরফে অনি চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। সে হেনসেন লেইনের বাসিন্দা স্কুলশিক্ষক বাবুল বিশ্বাসের ছেলে।এ ঘটনার প্রতিবাদে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার স্কুলপ্রাঙ্গণে মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে আগামী এক মাসের শোক কর্মসূচি ঘোষণা করা হয়।জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মমিন রোডের গাইড কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর পূর্ব কলহের জের ধরে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর কয়েকজন ছাত্র সোমেন ও তার সঙ্গীদের ওপর আক্রমণ চালায়। অন্যদের মারধর করলেও সোমেনকে আক্রমণকারীরা তিনবার ছুরিকাঘাত করে। তবে সোমেনের সহপাঠীদের দাবি, কলেজিয়েট স্কুলের মোট তিন ছাত্রকে আক্রমণকারীরা ছুরিকাঘাত করে।ছুরিকাহত সোমেনকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার মা-বাবা তাকে বাসায় নিয়ে যান। রাতে সোমেনের অবস্থার অবনতি হলে তাঁরা তাকে শহরের পাঁচলাইশের পিপলস হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর দেখে ক্লিনিকের চিকিৎকেরা তাকে ভর্তি না করে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু পুলিশি হয়রানির ভয়ে তার মা-বাবা সোমেনকে বাসায় ফিরিয়ে নিয়ে যান। সেখানে আজ ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুদ্দিন হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সোমেনের মা-বাবা আজ সকালে তাঁর লাশ দাহ করেছেন।