চট্টগ্রামে ছুরির আঘাতে একজন নিহত
চট্টগ্রাম শহরের বিআরটিসি মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরির আঘাতে আজ মঙ্গলবার ভোর রাতে সাইফুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ জানায়, দু’জন ছিনতাইকারী গতকাল রাত আড়াইটার দিকে বিআরটিসি মার্কেট এলাকা থেকে একজনের মোবাইল ও টাকা ছিনতাই করে জামতলা বস্তির দিকে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে এক বন্ধুসহ যাচ্ছিলেন সাইফুল। ছিনতাইকারীরা ভেবেছিলেন, তাঁরা তাঁদেরকে বাঁধা দিতে আসছে। এক পর্যায়ে ছিনতাইকারীরা সাইফুলকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ ভোর চারটার দিকে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সোহাগ রানা নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।