চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আরও একজন নিহত
চট্টগ্রাম মহানগরে বাকলিয়া থানার মিয়াখাননগরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ভিখারির মৃত্যু হয়েছে। বাকলিয়া থানার পুলিশ এ ঘটনায় এক হাজার থেকে দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে। রাতে ওই ঘটনাস্থলের আশপাশ থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক প্রথম আলোকে বলেন, ওই ভিখারি কয়েক বছর ধরে ওই এলাকায় ভিক্ষা করতেন। গতকাল রাতে কিছু লোক তাঁর ভিক্ষার ঝুলিতে মানুষের কাটা মাথা আছে এমন গুজব ছড়িয়ে গণপিটুনি দিলে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে মহানগরের বিভিন্ন স্থানে একই ধরনের গুজব ছড়িয়ে আটটি গণপিটুনির ঘটনা ঘটে। এতে দুজন ভিখারির মৃত্যু এবং আটজন আহত হয়। এ ছাড়া ওই সময়ে জেলার ছয় উপজেলায় একই ধরনের গণপিটুনির নয়টি ঘটনায় তিনজনের মৃত্যু হয়।