চট্টগ্রামে ছেলেধরার গুজবে কান না দিতে পুলিশের মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেধরার গুজবে কান না দিতে চট্টগ্রাম নগরের ১২ থানায় এবং জেলার ১৪ উপজেলায় প্রশাসন গতকাল সোমবার থেকে মাইকযোগে প্রচার শুরু করেছে। একই সঙ্গে মসজিদের ইমাম, ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এ ব্যাপারে গণসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ গতকাল ১৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জরুরি বৈঠক করে। ছেলেধরার গুজব থেকে গণপিটুনির মতো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ছয়টি থানায় অন্তত ৮০ জন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা ছয়টি হচ্ছে পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও মিরসরাই।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে থানায় থানায় মাইকিং হচ্ছে। ছয় থানায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে।নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ‘আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তাঁদের মাধ্যমে গুজবে কান না দিতে এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসন মাইকিংও শুরু করেছে।’গত শনিবার রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে নগরের বন্দর, চান্দগাঁও ও বাকলিয়া এলাকায় একই সঙ্গে ছেলে ধরার গুজব থেকে তিনটি গণপিটুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় এক ভিখারিণী নিহত এবং ১০ জন আহত হন। পুলিশের বহদ্দহারহাট পুলিশ বক্স ও চান্দগাঁও থানা এলাকায় হামলা হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে জেলার রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও হাটহাজারী থানায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়। এ ছাড়া পটিয়ায় তিনজন এবং সন্দ্বীপ, ফটিকছড়ি, চন্দনাইশ থানায় একজন করে মোট ছয় ব্যক্তি গণপিটুনিতে আহত হন। এ ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে আসে, গণপিটুনির স্বীকার হতাহত ব্যক্তিরা নিরীহ মানুষ। এঁদের কেউ ছেলেধরা ছিলেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, একই মহল পরিকল্পিতভাবে ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে গণপিটুনির মতো ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করছে।