চট্টগ্রামে ছোলার দাম প্রতি কেজি ৫৮ টাকা নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুচরা বাজারে সাধারণ মানের প্রতি কেজি ছোলার দাম ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের প্রশাসনের কর্মকর্তারা বড় আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক করে এ দাম নির্ধারণ করেন।ছোলার আমদানি খরচ ও লাভ হিসাব করে এ দাম নির্ধারণ করা হয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ বৈঠক হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আলাপ-আলোচনা শেষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল ঘোষণা করেন, আমদানিকারকেরা কেজিপ্রতি ৫৩ টাকায়, ডিও ব্যবসায়ীরা ৫৪ টাকায় এবং খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা ৫৫ টাকায় ছোলা বিক্রি করবেন। আগামী ১৫ দিন অর্থাৎ রমজান মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দর কার্যকর থাকবে। প্রতি ধাপের ক্রয়-বিক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ক্রেতার রশিদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, রমজান মাস শুরুর আগে বাজারে ছোলার দামের ঊর্ধ্বগতি দেখা যায়। এটা রোধ করতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে। এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহী, কাস্টম হাউসের উপ-কমিশনার নুরুল হুদা আজাদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম মাস্টার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। প্রায় তিন ঘণ্টা এ বৈঠক হয়।বৈঠকে বিভাগীয় কমিশনার রশিদ ছাড়া পণ্য না কেনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কে কত দামে বেচা-কেনা করছেন, তার রশিদ রাখতে হবে। কেউ অস্বাভাবিক হারে দাম বাড়ালে জরিমানার আওতায় আনা হবে। রশিদ ধরে ধরে এটা চিহ্নিত করা হবে।বৈঠকে ব্যবসায়ীরা বলেন, অস্ট্রেলিয়ায় বন্যার কারণে ছোলার উৎপাদন কম হয়েছে। ভালো মানের ছোলা পাওয়া যাচ্ছে না। আবার অনেক আগে থেকেই রোজার জন্য সরকারিভাবে পণ্য এনে বাজারে বিক্রির কথা বলা হচ্ছিল। সাধারণ মানের ছোলা এনে দাম পাওয়া যাবে কি না, এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা ছিল। এসব কারণে ব্যবসায়ীরা এবার অন্যবারের মতো তেমন ছোলা আমদানি করেননি। এর পরও দেশে ছোলার মজুদ এখন ভালো। রমজানের আগে আরও বিপুল পরিমাণ ছোলা আসছে।মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে ব্যবসায়ীরা বৈঠকে জানান, ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে ছোলার দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়ে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো ১২ শতাংশ হারে ছোলার ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না। বাজারে ছোলার দামের ওপর এসব প্রভাব ফেলছে।কেজি ৭৫ টাকা: বৈঠকে ছোলার খুচরা মূল্য নির্ধারণের ঘোষণা করা মাহবুবুল আলম তালুকদার বিকেলে খাতুনগঞ্জে গিয়েছিলেন নিজেদের জন্য এক বস্তা ছোলা কিনতে। তাঁর কাছে প্রতি কেজি ছোলার দাম চাওয়া হয় ৭৫ টাকা। ফলে ছোলা না কিনেই তিনি ফিরে আসেন।মাহবুবুল আলম প্রথম আলোকে বিষয়টি জানিয়ে বলেন, ‘দাম শুনে কেনার সাহস হয়নি। আমরা যে মানের ছোলার দাম ৫৮ টাকা নির্ধারণ করে দিয়েছি তা কাজির দেউড়ি বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৈঠকের পর ওই বাজারের ব্যবসায়ীরা আমাকে ফোন করে এই দর জানিয়েছেন।’