চট্টগ্রামে জন্ম নেওয়া তো অপরাধ নয়: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কেউ ফরিদপুরে রাজনীতি করতে পারবে না—শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের জবাব দিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রাম কি বাংলাদেশে না বার্মার মধ্যে? চট্টগ্রামে জন্ম নেওয়া তো কোনো অপরাধ নয়। আজ সোমবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংসদ উপনেতা এ কথা বলেন। সরকারি উদ্যোগে আয়োজিত জনসভায় শ্রমমন্ত্রী ও তাঁর অনুসারীদের রাজনৈতিক বক্তব্য দেওয়া প্রসঙ্গে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা সংসদ উপনেতার কাছে প্রতিক্রিয়া জানতে চান। জবাবে সাজেদা চৌধুরী বলেন, ‘এ কাজ যিনি করেছেন এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি যদি করতাম তাহলে আমাকে অপরাধী হিসেবে গণ্য করা যেত।’ ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোন্দল প্রসঙ্গে সাজেদা চৌধুরী বলেন, ‘এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। লজ্জায় অন্য জেলার নেতাদের সামনে মুখ দেখাতে পারি না।’ সাজেদা চৌধুরী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা আওয়ামী লীগের সংকটের কথা তুলে ধরবেন বলে সভায় জানান। সংসদ উপনেতা জেলা নেতাদের উদ্দেশে বলেন, ‘শুধু বড় রাজাকার নয়, ছোটখাটো রাজাকারদের চেহারা উন্মোচন করতে হবে। এদের শনাক্ত করে প্রশাসনকে বলুন গ্রেপ্তার করতে। এটা আপনাদের জন্য একটি ফরজ কাজ, কেননা এরাও যুদ্ধাপরাধী।’ জেলা আওয়ামী লীগের সংঘাত নিয়ে পুলিশের মামলা না নেওয়া প্রসঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, আপনারা কোর্টে যান, প্রয়োজনে হাইকোর্টে যেতে হবে। জেলা আওয়ামী লীগ ঘোষণা দিয়েও ফরিদপুরে কোনো কর্মসূচি পালন করতে পারছে না বলে নিজেদের অসহায়ত্বের কথা সংসদ উপনেতার কাছে প্রকাশ করেন নেতারা। সাজেদা চৌধুরী নেতাদের উদ্দেশে বলেন, ‘নেতৃত্ব নিতে হলে রিক্স নিতে হবে। খামাখা নেতৃত্ব নেওয়ার কোনো মানে নেই।’ এ সময় সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।