চট্টগ্রামে জব্বারের বলীখেলা কাল
তীব্র দাবদাহে পুড়ছে চট্টগ্রামসহ আশপাশ এলাকা। চারদিকে হাহাকার। চলছে বৃষ্টির জন্য প্রার্থনা। ঠিক উল্টো চিত্র জব্বারের বলীখেলা উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিদের প্রত্যাশা, আগামী তিন দিন যেন পরিস্থিতি এ রকমই থাকে। বৃষ্টি হলে খোলা আকাশের নিচে তাঁদের ঝামেলা বাড়বে, বেচাকেনা কম হবে।জব্বারের বলীখেলা উপলক্ষে চট্টগ্রামে তিন দিনব্যাপী বৈশাখী মেলা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তবে মেলার মূল আকর্ষণ জব্বারের বলীখেলা হবে কাল রোববার। মেলা উপলক্ষে লালদীঘির পাড় ও আশপাশের প্রায় চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই গরমেও যেন তাঁদের কোনো ক্লান্তি নেই। অনেকে ইতিমধ্যে বেচাকেনা শুরু করে দিয়েছেন।নগরবাসীও সারা বছর অপেক্ষায় থাকে এই মেলার। বিশেষ করে গৃহিণীরা তাঁদের গৃহস্থালি ও পারিবারিক কাজে ব্যবহার্য সামগ্রী কেনেন এ মেলা থেকে। বিশেষ করে মধ্যরাত এবং ভোররাতে জনস্রোত কম থাকলে দলবেঁধে গৃহিণীরা আসেন সওদাপাতি করতে। গৃহস্থালির সামগ্রী, গৃহসজ্জা, ফুলের চারা, আসবাব, খেলনা, খাবার সামগ্রী, ঝাড়ু, পাপোশ, কুটির শিল্প, শীতল পাটি, মাদুর, হাঁড়ি-পাতিলসহ নানা পণ্য আসে শতবর্ষী এ মেলায়। মোয়া, মুড়ি, মুড়কির বিক্রিও চলে দেদার। বেচাকেনা তেমন শুরু না হলেও বসে নেই বিক্রেতারা। তাঁরা তাঁদের পণ্য আকর্ষণীয় করার কাজে ব্যস্ত। মেলা ঘুরে দেখা গেছে, কেউ হস্তশিল্পজাত সামগ্রীতে রং করছেন, কেউ বা শিশুদের খেলনা তৈরি করছেন, আবার কেউ ঝাড়ু ও হাতপাখা বাঁধছেন। গরমের কারণে এবার হাতপাখার কদর বেশি হবে বলে মনে করছেন বিক্রেতারা। চট্টগ্রামের চন্দনাইশের তালপাতার হাতপাখা এ অঞ্চলে বেশ সমাদৃত। তাই অন্যবারের মতো এবারও বেশকিছু বিক্রেতা চন্দনাইশ থেকে হাতপাখা এনেছেন। তাঁদের একজন মো. লোকমান হোসেন। তিনি জানান, ‘গত বছর প্রায় তিন হাজার হাতপাখা বিক্রি করেছি। এবার আরও বেশি এনেছি।’ তালপাতার হাতপাখা প্রতি জোড়া ১৪০ থেকে ২২০ টাকা পর্যন্ত দাম হাঁকা হয়েছে। নোয়াখালীর জহিরুল ইসলাম বাঁশ ও কাপড়ের তৈরি হাতপাখা এনেছেন। সব মিলিয়ে এবার তিনি হাতপাখা এনেছেন প্রায় পাঁচ হাজার। তাঁরা ছাড়া আরও অনেক দোকানি হাতপাখা এনেছেন।হাতপাখার পাশাপাশি শীতল পাটির চাহিদাও এবার বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের পাটি পাওয়া যাচ্ছে মেলায়। মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন ব্যবসায়ীরা। নরসিংদীর হারুণ মিয়া ১৭ বছর ধরে মৃৎসামগ্রী নিয়ে ঐতিহ্যবাহী এ মেলায় আসছেন। তিনি বলেন, ‘দেশের আর কোনো মেলায় এত লোকের সমাগম দেখা যায় না।’ একইভাবে ১৪ বছর ধরে মেলায় হস্তশিল্পসামগ্রী নিয়ে আসছেন ঢাকার মনির হোসেন।ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে বকশিরহাট এলাকার আবদুল জব্বার সওদাগর এ বলীখেলার প্রবর্তন করেছিলেন। এর পর থেকে প্রতিবছর ১২ বৈশাখ তাঁর নামেই এ বলীখেলা হয়। তিন দিনের এই প্রাণের মেলা সোমবার শেষ হবে।