চট্টগ্রামে জলাবদ্ধতার ঘটনায় তিন সাংসদের ক্ষোভ
চট্টগ্রামে জলাবদ্ধতা ও মানুষের মৃত্যুর ঘটনায় সময় মতো ত্রাণ বিতরণ না করায় জেলা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিন সাংসদ।ক্ষোভ জানানো সাংসদেরা হলেন—চট্টগ্রামের সাংসদ জাসদের মঈন উদ্দীন খান বাদল, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।আজ বুধবার জাতীয় সংসদে তাঁরা এই ক্ষোভ জানান। তিন সাংসদ জলাবদ্ধতা মোকাবিলায় ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দেন চট্টগ্রামের সাংসদ জাসদের মঈন উদ্দীন খান বাদল। তিনি নোটিশের ওপর আলোচনার সূচনা করলে পরে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ নিয়ে কথা বলেন। এ সময় স্পিকারের আসনে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ। মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘চট্টগ্রামে ত্রাণের জন্য রেডক্রিসেন্টের কাছে গেছি। তারা বলছে স্থানীয়ভাবে তাদের কাছে কোনো ত্রাণ নেই। ত্রাণমন্ত্রী জানিয়েছেন, এর মধ্যে চট্টগ্রামে ত্রাণ পাঠানো হয়েছে। মহাজোটের নেতারা পানিতে দাঁড়িয়ে আছেন ত্রাণ দেওয়ার জন্য। কিন্তু চট্টগ্রামের ডিসি (জেলা প্রশাসক) সাহেব এখনো কিছু করেননি।’মঈন উদ্দীন খান বাদল আরও বলেন, ‘কখন সাহায্য পৌঁছাবে, প্রশাসনিক কায়দায় কেন চলবে? ঘোড়ার ডিমের এক জলাবদ্ধতা, তা আমরা নিরসন করতে পারি না। বিশেষজ্ঞ আসে, গবেষণা হয়। কাজের কাজ কিছুই হয় না। কারা এ বিষয়টির জন্য দায়ী, তা জানার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।’বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে রাজনীতি শুরু হয়েছে বলে মঈনউদ্দিন খান মন্তব্য করেন। তিনি বলেন, ‘মহাজোট সরকারের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। সেখানে বিএনপির মেয়রসহ অন্যরা কাজ করছে। আমাদের কোনো লোকজন নেই। চারজন সাংসদই ঢাকায়।’সাংসদদের চট্টগ্রামে যাওয়ার জন্য হেলিকপ্টার সরবরাহের দাবি করে বাদল বলেন, ‘এখন বাজেট অধিবেশন চলছে। এখানে চট্টগ্রামের এমপিদের থাকতেই হবে, এমন কোনো বিষয় নেই।’ফজলুল আজিম বলেন, ‘তিন দিন চলে গেছে, কিন্তু এখনো ত্রাণ পৌঁছায়নি। সারা দেশের ডিসিরা লাট সাহেব। দুর্যোগ মন্ত্রণালয় এখনো ত্রাণ পাঠানোর ব্যবস্থা নিতে পারেনি। মেয়রের পর মেয়র যাচ্ছে। উড়াল সেতু নির্মাণ হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা যাচ্ছে না।’শেষে সরকারি দলের মোশাররফ হোসেন বলেন, ‘এর মধ্যে ত্রাণ পাঠানো হয়েছে। ডিসি সাহেব জানিয়েছেন দ্বিগুণ ত্রাণের প্রয়োজন।’