চট্টগ্রামে জামায়াত-শিবিরের মিছিল, ৪০টি গাড়ি ভাঙচুর
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ রোববার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস সড়কে অন্তত ৪০-৫০টি গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা।বিকেল সাড়ে চারটার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল এসে আচমকা এ ভাঙচুর চালায়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন ৩৫ জনকে আটক করেছে।পুলিশ ঘটনাস্থলে আসার পরপরই স্থানীয় লোকজন ও ছাত্রলীগের কর্মীরা মিছিল প্রতিরোধে নেমে পড়েন।হালিশহর থানার উপপরির্দশক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গত ২৯ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরের দিন পৃথক পাঁচটি মামলায় তাঁদের প্রত্যেককে ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।