চট্টগ্রামে জামায়াত-শিবিরের সহিংসতা, নিহত ২ (ভিডিও)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় আজ শনিবার দুপুরের দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক সহিংসতা চালিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন—রবিউল ও তাহের। তাঁরা শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় আজ দুপুর ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বেপরোয়াভাবে গাড়ি ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকেন। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় রবিউল ও তাহের নামের দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ ইলতু তমিশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ও গুলি চালান। জানমালের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এতে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে কেন্দ্র করে ওই দিন থেকেই সাতকানিয়ার মহাসড়কসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি দিয়ে অবরোধ করে রাখেন জামায়াত-শিবিরের কর্মী-সমার্থকেরা। সড়কে যান চলাচল শুরু হলেই তারা ভাঙচুর শুরু করেন।