চট্টগ্রামে জামায়াত-শিবিরের হামলার ঘটনায় আরও আটক ১০১
চট্টগ্রামে জামায়াত-শিবিরের গতকালের চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত পুলিশ নগরের হালিশহর, ডবলমুরিং, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০১ জনকে আটক করেছে। এর আগে গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বিকেলে নগরের হালিশহর পিসিপুল এলাকা থেকে জামায়াত আকস্মিকভাবে মিছিল বের করে ৫০-৬০টি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। এর পর স্থানীয় লোকজন ও পুলিশ তাদের প্রতিহত করে। তখন ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ রাতভর নগরের বিভিন্নস্থানে অভিযান চালায়। অভিযানে আরও ১০১ জনকে আটক করা হয়। ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম তানভির আরাফাত বলেন, আটক ব্যক্তিদের যাচাইবাছাই শেষে গ্রেপ্তার দেখানো হবে। এ ঘটনায় হালিশহর থানায় সন্ত্রাস দমন আইনে এবং ডবলমুরিং থানায় বিস্ফোরক আইনে দুটি আলাদা মামলা করা হয়েছে বলে তিনি জানান।