চট্টগ্রামে জামায়াত নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল্লাহসহ জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছে ১৭ লাখ টাকা পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।গ্রেপ্তার হওয়া অন্য কর্মীরা হলেন মো. শাহজাহান মহিউদ্দিন, সেলিম চৌধুরী, আবু সাঈদ ও সাদাত হোসেন।আজ রোববার নগরের কোতোয়ালি থানাধীন দিদার মার্কেটের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গোপন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পোশাক শ্রমিকদের দেওয়ার জন্য ১৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। এই টাকা তাঁরা পোশাক শ্রমিকদের দেওয়ার বিনিময়ে তাঁদের সরকারের বিরুদ্ধে উসকে দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেয়ে অভিযান চালিয়ে আজ রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের তিনটি উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবানকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এ ঘটনায় জামায়াতের যে কয়েকজন নেতৃত্ব দেন তাঁদের মধ্যে আজ গ্রেপ্তার হওয়া নুরুল্লাহ অন্যতম। ওই ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ ছয়জন নিহত হন।