চট্টগ্রামে জামায়াত-শিবিরের মিছিল, ভাঙচুর
চট্টগ্রাম নগরের কাজিরদেউরি এলাকায় ঝটিকা মিছিল বের করে ছয়টি গাড়ি ভাঙচুর করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।আজ মঙ্গলবার বেলা একটার দিকে মিছিলটি বের করে ২০ মিনিটের মতো তাঁরা তাণ্ডব চালিয়ে চলে যান। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।কোতোয়ালি থানার পরিদর্শক সজীব কুমার দাস জানান, জামায়াত-শিবিরের শতাধিক মিছিলকারীর হাতে লাঠি ও ইটপাটকেল ছিল। বেলা একটার দিকে তাঁরা নগরের কাজিরদেউরি এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি জামালখানে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা গণি বেকারির মোড় ও চকবাজার হয়ে মিলিয়ে যান। মিছিল থেকে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনা ২০ মিনিটের মধ্যে ঘটে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নয়জন নেতার মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের গতকাল সোমবার পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। সেই অনুযায়ী গতকাল নগরের কাপাসগোলা এলাকায় মিছিল করেছিল জামায়াত-শিবির। আজ মিছিলের কর্মসূচি না থাকলেও তারা আচমকা এ মিছিল বের করে।