চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৮৬ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে
চট্টগ্রামে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৮৬ নেতা-কর্মীকে আজ শনিবার বিকেলে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ তাঁদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক আজিজুল হক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র এ এ এম মহিউদ্দিন ওরফে মাসুমকে দলীয় কর্মী দাবি করে ছাত্রশিবির ও ছাত্রলীগ গতকাল দুপুরে আলাদাভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আহসানউল্লাহসহ ৯৬ জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। পরে যাচাইবাছাই করে কম বয়সী, পরীক্ষার্থী ও পথচারী ১০ জনকে ছেড়ে দিয়ে ৮৬ জনকে গ্রেপ্তার দেখায়। এই ৮৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়।উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ষোলশহর রেলস্টেশনে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। মহিউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি আলাওল হলের আবাসিক ছাত্র ছিলেন।