চট্টগ্রামে জামায়াতের আমিরসহ আটক ৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র এ এ এম মহিউদ্দিন ওরফে মাসুমকে দলীয় কর্মী দাবি করে ছাত্রশিবির ও ছাত্রলীগ আজ শুক্রবার দুপুরে আলাদাভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে জামালখান এলাকায় শিবিরের মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ১০ পুলিশসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আহসানউল্লাহসহ ৯৬ জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। পরে যাচাই-বাছাই করে কম বয়সী, পরীক্ষার্থী ও পথচারী ১০ জনকে ছেড়ে দিয়ে ৮৬ জনকে গ্রেপ্তার দেখায়।এই ৮৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এ ব্যাপারে একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-২৩) হয়েছে। কাল শনিবার তাদের আদালতে সোপর্দ করার কথা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমরা ৮৬ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছি। তারা গলি, উপগলি থেকে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।’ এর আগে নগরের প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রচুর জামায়াত-শিবির কর্মী জড়ো হয়। এ সময় তারা পুলিশের কাছে লাশ দাবি করে। কিন্তু পুলিশ লাশ না দেওয়ায় তারা সেখানেই গায়েবানা জানাজা আদায় করে। এরপর সেখান থেকে শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জামালখানের দিকে যায়।নিহত ছাত্র মহিউদ্দিনের বাবা ফজলুল কাদের চট্টগ্রাম রেলওয়ের জিআরপি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে এ মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ষোলশহর রেলস্টেশনে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। মহিউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি আলাওল হলের আবাসিক ছাত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পাথর দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে তাঁকে খুন করে। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।