চট্টগ্রামে জামায়াতের সাংসদসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরের মুরাদপুরে গতকাল সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ১১৮ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা বেশকিছু নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।আজ মঙ্গলবার পাঁচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ করিম খান এই মামলাটি করেন। গ্রেপ্তার দেখানো ২৩ আসামিকে যথাসময়ে আদালতে হাজির করা হয়নি বলে মহানগর হাকিম মুনতাসির আহমেদ তাঁদের সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। কাল বুধবার এ-সংক্রান্ত নথি আদালতে উপস্থাপনের পর আসামিদের রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করতে পারেন আদালত।জানা গেছে, গতকাল বিকেলে নগরের মুরাদপুর মোড়ে জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান ও তাঁর দেহরক্ষীকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেদম মারধর করেন। এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়, যাঁদের মধ্যে বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এজাহারভুক্ত ১১৮ আসামির মধ্যে ৩৭ জনকে আমরা নেতৃত্বদানকারী ও উসকানিদাতা হিসেবে চিহ্নিত করেছি, যাঁরা জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা। আর বাকি ৮১ জন সোমবার বিকেলে পুলিশের ওপর হামলার ঘটনায় অংশ নেন।’ তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। এ কারণে আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।’পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামিদের মধ্যে সাংসদ শামসুল ইসলাম ছাড়া সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম হেলালীর নাম রয়েছে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের যথাসময়ে আদালতে হাজির করা যায়নি বলে মহানগর হাকিম আসামিদের সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সাতকানিয়া থেকে জামায়াত-শিবিরের আরও ৩১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সাতকানিয়ায় সর্বোচ্চ ২৩ জন এবং হাটহাজারী থানা পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আটজনকে আটক করেছে বলে জানা গেছে।