চট্টগ্রামে জামায়াতের সাত নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে প্রতিবন্ধকতা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে চালান করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহাসড়কে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এতে ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলায় উপজেলা জামায়াতের আমির আইয়ুব আলী, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানসহ ২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, গতকাল জোহরের নামাজের পর জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলে চন্দনাইশ ছাড়াও পার্শ্ববর্তী সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়াসহ কয়েকটি উপজেলার শত শত নেতা-কর্মী অংশ নেন। মিছিল চলাকালে জামায়াত-শিবিরের ছয়জনকে একটি মাইক্রোবাস থেকে লাঠিসোঁটাসহ গ্রেপ্তার করে পুলিশ। মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পটিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলামকে পটিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার করা সাত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আজ আদালতে চালান করে দেওয়া হয়েছে।