চট্টগ্রামে জামায়াতের হরতালে সাড়া দেয়নি নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল শনিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নগরবাসী সাড়া দেয়নি। সকালের দিকে সড়কে যান চলাচল কম থাকলেও দুপুরের পর জনজীবন স্বাভাবিক হয়ে আসে। নগরের কয়েকটি মোড়ে যানজট হতে দেখা গেছে। হরতাল কর্মসূচির ডাক দিলেও গতকাল মাঠে ছিলেন না জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। অন্যদিকে হরতাল উপেক্ষা করে গতকাল সকাল থেকেই চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছেন তরুণ-তরুণীরা। চট্টগ্রামে গত বৃহস্পতিবার জামায়াতকে সভা করতে না দেওয়া এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামী এই কর্মসূচির ডাক দেয়। হরতাল ঘোষণা দিয়ে জামায়াতের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। বন্ধ করে দেন নিজেদের মুঠোফোন।চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা থেকে গতকাল বেলা দুইটায় হরতাল প্রত্যাখ্যান করে বের করা হয় মিছিল। রাজাকারদের ফাঁসির দাবি জানিয়ে পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এই মিছিল নগরের আন্দরকিল্লা, লালদীঘিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়।গতকাল নগরের ইপিজেড মোড়, বাদামতলী, বহদ্দারহাট, ওয়াসা মোড়, জিইসি মোড়সহ নগরের সর্বত্র সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, হিউম্যান হলার ও যাত্রীবাহী বাস চলেছে। দুপুরের পর প্রাইভেট কার, জিপসহ ব্যক্তিমালিকানাধীন গাড়ি চলাচল বাড়ছিল।বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শিমুল দাশ গতকাল সকালে নিজের জিপ চালিয়ে বায়েজিদ এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন। নগরের ২ নম্বর গেট এলাকায় সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে তরুণেরা নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে। এই হরতালে গাড়ি বের করে আমিও প্রতীকী প্রতিবাদ জানালাম।’নগরের সিইপিজেড মোড়ে ১০ নম্বর রুটের বাসচালক জসিম উদ্দিন বলেন, ‘এখন তো কারণ ছাড়াও হরতাল হয়। হরতালের পর হরতাল হইলে আমরা চলি কেমনে। তাই রিস্ক নিয়া গাড়ি বাইর করলাম।’নগরের ইস্পাহানী মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রহমান বলেন, ‘অন্য গাড়ি চলতে দেইখ্যা আমিও গাড়ি বের করিছি। আমরা দিন আনি দিন খাই। হরতালে আমাগো কষ্ট বেশি। রাজাকাররা হরতাল ডাকলে বসি থাকতে অইবো—এমন কোনো কতা আছে?’আন্দরকিল্লা মোড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহাবউদ্দিন বলেন, ‘রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু অইছে। তারা গর্তে ডুকি গেছে। আমরাও গাড়ি নিয়া বাইর হইছি। পাবলিক শক্ত থাইকলে রাজাকাররা ফালাইবো।’গতকাল সকাল থেকে নগরের জেল সড়ক ও বাকলিয়া এলাকায় দুটি ঝটিকা মিছিল, মোহাম্মদপুর এলাকায় একটি বাস ভাঙচুর এবং বড়পোলে একটি টেম্পোতে আগুন দেওয়ার চেষ্টা করা ছাড়া জামায়াত-শিবিরের আর কোনো তৎপরতা ছিল না। চট্টগ্রাম নগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো নগরে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন ছিল। দুপুরের পর থেকেই বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।’