চট্টগ্রামে জামায়াতের হরতালে ২১ পিকেটার আটক
চট্টগ্রামে জামায়াত-শিবিরের ডাকা আজ বুধবারের অর্ধদিবস হরতাল ঢিলেঢালা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে পিকেটিং করার সময় ২১ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এ সময় দুটি পেট্রোল বোমাও উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল হওয়ার পর আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।হরতালের সময় সকালে বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেটসহ বিভিন্নস্থানে পিকেটাররা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে পুলিশ প্রতিরোধ করে। এ সময় চাঁন্দগাঁও থানা পুলিশ ১০ জনকে আটক করে।এ ছাড়া পাঁচলাইশ থানা পুলিশ নয়জন পিকেটারকে আটক করেছে। এদের মধ্যে নগরের মুরাদপুরে পেট্রোল বোমা ছুড়ে মারার সময় একজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়। আর কোতোয়ালি থানা পুলিশ দুজনকে আটক করেছে।এ প্রসঙ্গে পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ শরীফুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, ২১ পিকেটারকে আটক করা হয়েছে। মুরাদপুরে পেট্রোল বোমা ছুড়ে মারার সময় একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে আরও দুটি পেট্রোল বোমা পাওয়া গেছে।