চট্টগ্রামে জামায়াতের ১০ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মীসহ ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মহানগর অধ্যাদেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে গাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, জামায়াতের নেতা-কর্মীরা মহানগর অধ্যাদেশ অমান্য করে সমাবেশ করার পর গাড়িবহর নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে নগরের আন্দরকিল্লা ও চন্দনপুরা এলাকায় ইতিপূর্বে পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁরা জড়িত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা-কর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন) সাধারণ সম্পাদক আবু তাহের খান (৬৫), আলমাস সিনেমা হলের সাবেক কর্মচারী মো. রমজান আলী (৭৪), মাদ্রাসাশিক্ষক চঞ্চল আহমেদ (৩৮) ও আবদুল কাদের (৫৫), চট্টগ্রাম বারের আইনজীবী ইউসুফ-এ-হারুন (৫৩), টেরিবাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস (৪৮), স্ক্র্যাপ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান (৫০), কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠানের কর্মী ফারুক-ই-আজম (৪৮), ব্যবসায়ী লুৎফর রহমান (৩৪), ছাবের আহমেদ (৩৫) ও মাইক্রোবাসের চালক মো. জসিম উদ্দিন (২৫)।পুলিশ সূত্র জানায়, নগরের যেকোনো স্থানে জড়ো হওয়া কিংবা শোভাযাত্রায় অংশ নেওয়া বা মাইক ব্যবহারের আগে পুলিশের অনুমতি নিতে হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতা-কর্মীরা গতকাল সকালে চন্দনপুরায় দলীয় কার্যালয়ে জড়ো হন। বিভিন্ন দাবির সমর্থনে জেলা প্রশাসকের কাছে তাঁদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল। এসব ব্যাপারে তাঁরা পুলিশ প্রশাসনকে আগাম কিছু জানাননি। তবে বিষয়টি জেনে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জামায়াতের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার ব্যাপারে পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে নেতাদের জানানো হলে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন না বলে প্রতিশ্রুতি দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিশ্রুতির পরও আইন ভঙ্গ করে সাংসদ শামসুল ইসলামের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা দুটি গাড়িতে চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। পুলিশ গাড়ি থামিয়ে বিষয়টি নিয়ে নেতাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। এ সময় জামায়াতের সাংসদ শামসুল ইসলাম দ্রুত এলাকা ত্যাগ করেন।’ তিনি বলেন, গ্রেপ্তার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। সাংসদ শামসুল ইসলাম দাবি করেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা চন্দনপুরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করি। এরপর কর্মীদের বিদায় দিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম। পথে আমাদের গাড়ি আটকে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গণতান্ত্রিক দেশে কী আমরা কর্মসূচি পালন করতে পারব না?’শামসুল ইসলাম বলেন, ‘আমাদের কর্মসূচি চলার সময় একজন পুলিশ কর্মকর্তা এসেছিলেন। তাঁকে বলেছিলাম, আমরা সমাবেশ শেষ করে চলে যাব। এরপর ওই কর্মকর্তা চলে যান। আমাদের কর্মী-সমর্থকেরাও চলে যায়। পরে দলীয় নেতাদের নিয়ে আমরা স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে।’