চট্টগ্রামে জামায়াতের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের ১১ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে গাড়ি থামিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। নগরের আন্দরকিল্লা ও চন্দনপুরা এলাকায় পুলিশের ওপর ইতিপূর্বে হামলার ঘটনায় তারা জড়িত আছে কি না, পুলিশ খতিয়ে দেখছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াত সমর্থিত শ্রমিক সংগঠন) সাধারণ সম্পাদক আবু তাহের খান (৬৫), আলমাস সিনেমা হলের সাবেক কর্মচারী মো. রমজান আলী (৭৪), মাদ্রাসার শিক্ষক চঞ্চল আহমেদ (৩৮) ও আবদুল কাদের (৫৫), চট্টগ্রাম বারের আইনজীবী ইউসুফ-এ-হারুন (৫৩), টেরিবাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস (৪৮), স্ক্র্যাপ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান (৫০), কম্পিউটার বিক্রি প্রতিষ্ঠানের কর্মী ফারুক-ই-আজম (৪৮), ব্যবসায়ী লুত্ফর রহমান (৩৪), ছাবের আহমেদ (৩৫) ও মাইক্রোবাসের চালক মো. জসিম উদ্দিন (২৫)।পুলিশ সূত্র জানায়, নগরে যেকোনো স্থানে জড়ো হওয়া কিংবা শোভাযাত্রায় অংশ নেওয়া বা মাইক ব্যবহারের আগে পুলিশের অনুমতি নিতে হয়। জামায়াতের সাংসদ শামসুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা এসব আইনের তোয়াক্কা না করে গাড়ির বহর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল বলে একজন কর্মকর্তা অভিযোগ করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, তারা আইন ভঙ্গ করে গাড়ির বহর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। তাই মাঝপথে তাদের গাড়ির বহর আটকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের সাংসদ শামসুল ইসলাম এ সময় দ্রুত এলাকা ত্যাগ করে চলে যান।সাংসদ শামসুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা চন্দনপুরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করি। এরপর কর্মীদের বিদায় দিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম। পথেই আমাদের গাড়ি আটকে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গণতান্ত্রিক দেশে কি আমরা কর্মসূচি পালন করতে পারব না? এ কোন আজব দেশে আমরা বসবাস করছি?’