চট্টগ্রামে জামিনে বেরিয়ে আসছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসীরা আদালত থেকে জামিন নিয়ে একে একে কারাগার থেকে বেরিয়ে আসছে। গত চার মাসে ৫০ জনের বেশি চিহ্নিত সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে চাঞ্চল্যকর মামলার আসামিরাও রয়েছে।জানা গেছে, বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে একসঙ্গে পুড়িয়ে হত্যা মামলার ছয় আসামিও এরই মধ্যে জামিনে বেরিয়েছে। এদের বিরুদ্ধে হত্যাসহ আরও বিভিন্ন মামলা রয়েছে।চিহ্নিত সন্ত্রাসীরা বেরিয়ে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন চট্টগাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেমও। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আসামিদের ধরে আইনের কাছে সোপর্দ করছি। দেশের প্রচলিত আইনে তারা জামিনে বেরিয়ে এসে আবার অপরাধে জড়িয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা তো থাকেই।’ তাঁর মতে, আইনের সংস্কার না হলে দুর্ধর্ষ সন্ত্রাসীদের আটকে রাখা কঠিন হয়ে পড়বে।চট্টগ্রাম মহানগরে সংগঠিত ছিনতাইকারী চক্রের প্রধান বহুল আলোচিত আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিম সম্প্রতি জামিন পেয়েছেন। পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার করার পর হাকিম দ্রুত সময়ের মধ্যে সব কটি মামলায় জামিন পান। পরে তাঁকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।জামিন লাভের খবর পেয়ে হাকিমকে অন্য মামলায় আবার আটক করতে সক্ষম হলেও নগরের দুর্ধর্ষ সন্ত্রাসী আবদুর রহিম ওরফে খায়রুল ইসলাম গত ২২ অক্টোবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১২টি মামলার আসামি এই চিহ্নিত সন্ত্রাসীকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ মে গ্রেপ্তার করা হয়। নগরের আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী নূর আলম ওরফে সিরাজুল ইসলামও মুক্তি পান গত ১৩ অক্টোবর। তাঁকে গত ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। এরপর একে একে নয়টি মামলায় জামিন নিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন বলে কারাগার সূত্র জানিয়েছে।একইভাবে রাঙ্গুনিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারুল আলম ওরফে জসিম গত ১২ নভেম্বর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন। অস্ত্র আইনের একটি মামলায় তাঁর সাজাও হয়। সবগুলো মামলায় তিনি আদালত থেকে জামিন পান।পুলিশের তালিকাভুক্ত রাঙ্গুনিয়ার আরেক সন্ত্রাসী আলতাফ হোসেন একে একে সাতটি মামলায় জামিন পেয়ে গত ৩১ অক্টোবর কারাগার থেকে বেরিয়েছেন।চন্দনাইশের দুর্ধর্ষ সন্ত্রাসী আবু তাহের ওরফে আবু কারাগার থেকে বেরিয়েছেন গত ২৮ অক্টোবর। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।পুলিশের তালিকাভুক্ত আরেক দুধর্ষ সন্ত্রাসী রাঙ্গুনিয়ার আবু সুফিয়ান। তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ মার্চ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি গত ২৭ অক্টোবর কারগার থেকে মুক্তি পান। একইভাবে তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী পটিয়ার জাহাঙ্গীর আলমও পাঁচটি মামলায় জামিন লাভ করে কারাগার থেকে মুক্তি পান গত ২২ অক্টোবর। তাঁকেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয়েছিল।ফটিকছড়ির তালিকাভুক্ত সন্ত্রাসী জোবায়ের রহমান গত ১৪ অক্টোবর মুক্তি পান। আট মামলার আসামি তিনি।জানতে চাইলে চট্টগ্রামের র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আদালত থেকে জামিনে বেরিয়ে গেলে আমাদের কী করার আছে?’ তিনি বলেন, জামিনে বেরিয়ে তারা যাতে আবার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য র্যা ব প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।পুলিশ সূত্র জানায়, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ায় সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই মামলায় ৩১ জনকে আসামি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালতের নির্দেশে মামলাটির এখন অধিকতর তদন্ত চলছে। এই মামলার অভিযোগপত্রভুক্ত ছয় আসামি আকবর ওরফে আকবর আলী, আজিজ আহম্মদ ওরফে আজিজ, ফজলুল কাদের ওরফে ফজল কাদের, আবু তৈয়ব, মোক্তার হোসেন ওরফে জাবেদ ও মাহবুব রশিদ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে মোক্তার হোসেন মুক্তি পান গত ১৩ অক্টোবর। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। ১১ খুনের ঘটনায় তিনিই স্বীকারোক্তি দেন।১১ খুনের আরেক আসামি আকবরের বিরুদ্ধে চারটি মামলার সন্ধান পাওয়া গেছে। তিনি মুক্তি পান গত ১১ মে। আরেক আসামি তৈয়ব চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান গত ৯ সেপ্টেম্বর। তাঁর বিরুদ্ধে ১১ খুন ছাড়াও কয়েকটি মামলা রয়েছে।এসব আসামি জামিনে মুক্তি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ১১ খুনের মামলার বাদী বিমল শীল। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসামিরা বেরিয়ে আসায় আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।’চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাসেম প্রথম আলোকে বলেন, এসব সন্ত্রাসীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জোরালো বিরোধিতা করেছেন। তাই বেশির ভাগই পরে উচ্চ আদালতে গিয়ে জামিন নিয়েছেন। আদালত সূত্র জানায়, গত চার মাসে চট্টগ্রাম মহানগর ও জেলার অর্ধশতাধিক আসামি জামিনে বেরিয়েছে।এসব আসামি আবার চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জেড এ মোরশেদ বলেন, জামিনে বেরিয়ে যাওয়া সন্ত্রাসীদের ওপর পুলিশের নজরদারি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে আবার তাদের গ্রেপ্তার করা হবে।