চট্টগ্রামে জামিনে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তালিকাভুক্ত সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম নগর পুলিশ ৬৫ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা করেছিল। ওই সময় তালিকাভুক্ত ২৫ জন কারাগারে ছিলেন। বিভিন্ন সময় তাঁদের অনেকে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যান। জামিন পেয়ে দুই-একজন ছাড়া বাকি সবাই গা-ঢাকা দেন। গত শুক্রবার জামিনে মুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী ইকবাল হোসেন ওরফে ‘মেজর’ ইকবাল কারাগার থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান। র‌্যাব-পুলিশ এখন আর তাঁর সন্ধান পাচ্ছে না। জানা গেছে, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে আগেই কারা কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছে নগর পুলিশ। এ তালিকার কেউ জামিন পেলে আগেভাগে পুলিশ বা র‌্যাবকে তথ্য দিতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। কারাগার সূত্র জানায়, শুক্রবার চট্টগ্রাম কারাগার থেকে জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিলুপ্ত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) সাবেক ক্যাডার ‘মেজর’ ইকবালের জামিনে মুক্তির বিষয়টি পুলিশ এবং র‌্যাবকে আগাম জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি র‌্যাব-পুলিশ। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়ে ‘মেজর’ ইকবাল গা-ঢাকা দেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা আছে। তিনি নগর পুলিশের তালিকাভুক্ত না হওয়ায় প্রথমে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। পরে তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত জেনে তাঁর খোঁজ নেওয়া শুরু হয়। এখন তাঁকে নজরদারিতে আনার চেষ্টা করছে র‌্যাব-পুলিশ। ২০০৪ সালের ১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘ইকবাল চট্টগ্রাম জেলা জজ আদালত থেকে কোনো জামিন পাননি। উচ্চ আদালত থেকে সম্ভবত তিনি জামিন নিয়েছেন।’পুলিশ সূত্র জানায়, ডবলমুরিং এলাকার ত্রাস আবদুল কাদের ওরফে মাছ কাদের গত বছরের ১৮ এপ্রিল জামিনে মুক্তি পান। ২০০০ সালের ১ এপ্রিল একটি অপহরণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাঁর ১০ বছর সাজাও হয়। জামিনে বেরিয়ে তিনি আবার চাঁদাবাজিসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে র‌্যাব তাঁকে আটক করে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করে। এরপর আবার জামিনে ছাড়া পেয়ে তিনি দুবাই চলে যান। শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ফাইভ স্টার জসিম ও যুবলীগের ছিরা আকবরও জামিনে বেরিয়ে গেছেন।কারাগার সূত্রে জানা গেছে, নগর পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরির সময় ৬৫ সন্ত্রাসীর মধ্যে ২৫ জন কারাগারে ছিলেন। এখন তাঁদের বেশির ভাগ জামিনে বা আত্মগোপনে আছেন। দুর্ধর্ষ সন্ত্রাসী নাছির ওরফে শিবির নাছির, শরীফুল হক ওরফে নাইক্কা কাজল, দিদার ওরফে কিরিচ বাবুল, মজিব-উদ-দৌলা ওরফে মজিব, ডাকাত আকবরসহ কয়েকজন দাগি সন্ত্রাসী এখনো কারাগারে আছেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।র‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘কোনো সন্ত্রাসী জামিনে বেরিয়ে আবার অপরাধ কর্মকাণ্ড চালালে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। সন্ত্রাসী ইকবালের ওপরও আমরা নজর রাখার চেষ্টা করছি।’নগর পুলিশের উপকমিশনার মো. ময়নুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের মানদণ্ডের ভিত্তিতে আমরা তালিকা করেছি। তাঁদের মধ্যে অনেকে জামিনে বেরিয়ে এলেও অনেককে ধরা হয়েছে। আবার কেউ কেউ পালিয়ে গেলেও তাঁদের ওপর আমাদের নজরদারি আছে।’ধরাছোঁয়ার বাইরে যাঁরা: দাগি সন্ত্রাসীদের মধ্যে যুবলীগের মামুনুর রশিদ ওরফে মামুন ও অস্ত্র ব্যবসায়ী সুনীল ৯-১০ বছর কলকাতায় ছিলেন। জানা গেছে, মামুন গত বছর দেশে আসেন। তবে চট্টগ্রামে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি বর্তমানে গাজীপুরে আত্মগোপনে আছেন। একটি হত্যা মামলায় আরেক দাগি সন্ত্রাসী রাজীব দত্ত ওরফে রিংকুর ১২ বছরের কারাদণ্ড হয়। ২০০৪ সালে দেশে র‌্যাবের কার্যক্রম শুরু হলে তিনি কলকাতায় পালিয়ে যান। সম্প্রতি তিনি চট্টগ্রামে ফিরে আসেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে বলে ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেন। শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাজ্জাদ খান ও হাবিব খান, যুবদলের মোরশেদ খান, ছাত্রদলের নুরুল আলম ওরফে এতিম আলম পলাতক আছেন।