চট্টগ্রামে জিপিএ-৫ বেড়েছে, এগিয়ে মেয়েরা
চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৭২.২৯ শতাংশ। বোর্ডে সেরা ১০-এর তালিকায় শীর্ষে আছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আজ বুধবার দুপুরে নগরের মুরাদপুরে বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, এবার জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ১৪৫ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৮০২ জন।বোর্ডের সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৭৩.২৮ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৭১.৩৬ শতাংশ।ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘সার্বিকভাবে ফলাফল সন্তোষজনক। আমরা সন্তুষ্ট। এ বছর জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। মেয়েরাও এগিয়ে যাচ্ছে।’সেরা ১০ কলেজ: চট্টগ্রাম বোর্ডে সেরা ১০ কলেজের তালিকায় শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ। চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ইস্পাহানি স্কুল ও কলেজ, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম নৌবাহিনী কলেজ, কক্সবাজার সরকারি কলেজ ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।